যশোরে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথমবার পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’
সুমন ঘোষ
নিজস্ব প্রতিবেদক, যশোর: দেশের অন্যান্য জেলার মতো যশোরেও এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকালে শহরের বকুলতলায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ প্রাঙ্গণে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকাল থেকেই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার রফিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা সিভিল সার্জন ডা. মাসুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে রাজনৈতিক অঙ্গনেও ছিল ব্যাপক অংশগ্রহণ। জেলা বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে এনসিপি যশোর জেলা শাখার নেতৃবৃন্দও শহীদদের প্রতি সম্মান জানান।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে এসে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদদের আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শহীদদের অবদানকে স্মরণীয় করে রাখার পাশাপাশি ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করবে।
এ জাতীয় আরো খবর..