তাড়াশে জব্দ পেট্রোল ‘গায়েব’ গুঞ্জনের অবসান, বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা পেট্রোল ‘গায়েব’ হওয়ার গুঞ্জনের অবসান ঘটিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত পেট্রোল বিক্রির সমুদয় অর্থ যথাযথ নিয়ম মেনে আজ রোববার সকালে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারে ‘মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে পেট্রোল মজুত রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এ সময় আনুমানিক ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং দোকানের মালিক শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে স্থানীয় চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে জব্দকৃত পেট্রোল উপজেলার খালকুলা উত্তরবঙ্গ সমবায় ফিলিং স্টেশনে নেওয়া হয়। সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে মোটরসাইকেল চালকদের কাছে প্রতি লিটার ১১৬ টাকা দরে ১ লিটার করে পেট্রোল বিক্রি করা হয়। এতে মোট ৩৭৬ লিটার পেট্রোল বিক্রি করে ৪৩ হাজার ৬১৬ টাকা সংগ্রহ করা হয়।
সাপ্তাহিক ছুটির কারণে তাৎক্ষণিকভাবে ব্যাংকে অর্থ জমা দেওয়া সম্ভব না হলেও রোববার সকালে নিয়ম অনুযায়ী সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, সকল বিধি-বিধান মেনেই তেল জব্দ ও বিক্রির কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ছুটির পর যথাসময়ে বিক্রির টাকা ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সুযোগ নেই। সংকটের সময়ে মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা প্রশাসনের স্বচ্ছ ও দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করেছেন।
এ জাতীয় আরো খবর..