যশোরের পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২
মোঃ নুরুজ্জামান
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর আগে শার্শা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ, যিনি বর্তমানে শার্শার নাভারণের বুরুজবাগান পাখার মাথা এলাকায় বসবাস করেন এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আবু সাঈদের ছেলে আলম।
যশোর কোতোয়ালি থানার এসআই আল মামুন জানান, রোববার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক দুজন সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের মধ্যে সাজ্জাদ শেখ সাঈদের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া, যশোরের শার্শা ও কোতোয়ালি থানায় মোট নয়টি মামলা রয়েছে।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মৃত রাজ্জাক হুজুরের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন। গত ১ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাসায় প্রবেশ করে ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। একই সময় ঘরে থাকা মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকাও চুরি হয়।
ঘটনার পর থেকেই চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালায়। এরই ধারাবাহিকতায় নাভারণ থেকে দুজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..