যশোরে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬
সুমন ঘোষ যশোর
যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে যশোর টাউনহল মাঠে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে যশোরে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। অনলাইনের মাধ্যমে এখন ঘরে বসেই নাগরিকরা খাজনা প্রদান, নামজারি আবেদনসহ বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি দুর্নীতিও হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, যারা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নন বা অনলাইনে আবেদন করতে পারেন না, তাদের জন্য দেশের বিভিন্ন জেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে ৬১ জেলায় ৮৯৩টি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ নির্ধারিত ফি দিয়ে সহজে সেবা পাচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের কেন্দ্র চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে জমি সংক্রান্ত বিরোধ কমবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আসবে। এ সময় তিনি ‘ভূমি’ মোবাইল অ্যাপের কথাও উল্লেখ করেন, যার মাধ্যমে নাগরিকদের হাতের মুঠোয় বিভিন্ন ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত এবং ভূমি প্রশাসনের প্রায় সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে সরকার কাজ করছে।
যশোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশেক হাসান, সৈয়দ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন এবং সৈয়দ সাবেরুল হক সাবুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
জেলা প্রশাসন আয়োজিত এ মেলার মূল লক্ষ্য হলো ভূমি সেবা সহজ করা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া।
এ জাতীয় আরো খবর..