মো:সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় শান্ত কুমার তেলী (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার ধামাইনগড় ইউনিয়নের ক্ষিরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শান্ত কুমার তেলী ওই গ্রামের স্বদেশ চন্দ্র তেলীর বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ভোরে তাকে শয়নকক্ষে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে একটি বাগানে ইউক্যালিপটাস গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রায়গঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।