দিঘলিয়ায় তেল মজুতবিরোধী অভিযানে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তৎপর
দিঘলিয়া প্রতিনিধি: মোঃ রুবেল শেখ।
দেশব্যাপী অবৈধভাবে জ্বালানি তেল মজুত রোধে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুত খুঁজে বের করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ এপ্রিল) দিঘলিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালায় দিঘলিয়া থানা পুলিশ। অভিযানকালে লুৎফার বটতলা এলাকায় অবস্থিত “সিরাজ মোটরস” দোকানের দ্বিতীয় তলায় তল্লাশি পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, ওসি (তদন্ত) প্রবীর বিশ্বাস এবং ডিএসবি’র নবী মোল্লা। তবে তল্লাশিতে কোনো অবৈধভাবে মজুতকৃত পেট্রোল, অকটেন বা ডিজেল পাওয়া যায়নি। সেখানে শুধুমাত্র কিছু খালি তেলের ব্যারেল দেখতে পান অভিযানে অংশ নেওয়া সদস্যরা।
এ বিষয়ে পুলিশ জানায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..