খুলনায় ‘নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মানবিক সহায়তা প্রদান
মোঃ সাদ্দাম মিয়া
উপজেলা প্রতিনিধি (ফুলতলা)
খুলনার খালিশপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। শুক্রবার (১ মে ২০২৬) সংগঠনটির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটির নিয়মিত সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় খালিশপুর এলাকায় কিডনি জটিলতায় আক্রান্ত এক রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সহায়তায় সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী রিনা শাহা। এছাড়া চক্ষুরোগে আক্রান্ত এক নারীর চিকিৎসার জন্যও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মানবিক ব্যক্তিত্ব শায়লা আজীম-এর উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। ২০১৪ সাল থেকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
বর্তমানে ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক সারমিন খান এবং সমন্বয়কারী হাবিবা খান সিমা-এর নেতৃত্বে একদল নিবেদিতপ্রাণ সদস্য মাঠপর্যায়ে কাজ করছেন। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন আলো দে, মোঃ খালিদ হোসেন, এস.আর সুমন, সোহেল রানা বাবু, মুক্তি খান, কাজী আসিফসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সভাপতি সারমিন খান জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে কাজ করা এবং তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাই তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। তিনি আরও বলেন, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মানবিক কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে শায়লা আজীম ও নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..