সিরাজগঞ্জ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ, ফল চ্যালেঞ্জ করে আবেদন গ্রহণ হাইকোর্ট
মো: সুলতান মাহমুদ,
সিরাজগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫, সিরাজগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী আকবর আলীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যবহৃত ব্যালট পেপারসহ নির্বাচন-সংক্রান্ত সব প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন এর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলংগা) আসনে বিজয়ী হয়েছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির প্রার্থী আকবর আলী হাইকোর্টে আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৪ আসনসহ দেশের বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ২০টির বেশি আবেদন হাইকোর্টে দায়ের করা হয়েছে। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও নির্বাচন-সংক্রান্ত অন্যান্য সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়ম বা ফলাফল নিয়ে বিরোধ দেখা দিলে সে বিষয়ে শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদন শুনানি করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী আবেদনপত্র, সংশ্লিষ্ট রুল ও আবেদন গ্রহণ এবং শুনানি এ বেঞ্চে সম্পন্ন করা হবে।
এ জাতীয় আরো খবর..