তাড়াশ মডেল মসজিদের উদ্বোধন করলেন ৬৪- সিরাজগঞ্জ -৩ এর এমপি ভিপি আয়নুল হক
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে দীর্ঘ দুই বছর তালাবদ্ধ থাকার পর অবশেষে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধনের মাধ্যমে নামাজের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জুমআ নামাজের পূর্বে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন।
জানা যায়, প্রায় ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে তাড়াশ পৌর শহরের হেলিপ্যাড মাঠের দক্ষিণ পাশে নির্মিত এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ শেষ হয় প্রায় দুই বছর আগে। কিন্তু নানা জটিলতায় এতদিন তা তালাবদ্ধ থাকায় মুসল্লী ও সাধারণ মানুষ মসজিদে প্রবেশ করতে পারেননি, বন্ধ ছিল নামাজ আদায়ও। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিকসহ গণমাধ্যমে প্রকাশিত হলে তা স্থানীয় সংসদ সদস্যের নজরে আসে। এরপর উপজেলা প্রশাসন সক্রিয় হয়। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উদ্যোগে খতিব, মুয়াজ্জিন ও খাদেমসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয় এবং মসজিদটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নামাজের উপযোগী করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সদ্য সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, খতিব ইমদাদুল হকসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ও আসন্ন তাড়াশ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আব্দুল বারিক খন্দকার।
উদ্বোধনের পর জুমার নামাজে অংশ নেন শতাধিক মুসল্লী। দীর্ঘদিন পর মসজিদে নামাজ আদায়ের সুযোগ পেয়ে তারা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় মুসল্লী আলহাজ নজরুল ইসলাম, আজাদ আলী, মিজানুর রহমান মজনু, জাকির হোসেন, আক্কাস আলী ও শহিদুল ইসলামসহ অনেকে সন্তোষ প্রকাশ করে বলেন, অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।
এ জাতীয় আরো খবর..