জাহিদ হাসান টুকুনের ওপেন হার্ট সার্জারি সফল
সুমন ঘোষ যশোর
যশোর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে প্রায় ছয় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়।
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অস্ত্রোপচার শুরু হয়ে বিকেল ৩টা ২৫ মিনিটে শেষ হয়। হাসপাতালের প্রফেসর ডা. গোলাম মোহাম্মদ ফারুক ও প্রফেসর ডা. শরীফ হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন হাসপাতালের উপদেষ্টা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর ডা. এম. এ. রশিদ।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন দিন তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ে তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
জাহিদ হাসান টুকুনের সফল অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়লে যশোরের সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
উল্লেখ্য, গত ৫ জুলাই হৃদরোগজনিত জটিলতা নিয়ে জাহিদ হাসান টুকুনকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন। চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে যান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ জাতীয় আরো খবর..