. .
দুবাইয়ের জেবেল আলী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ: ধোঁয়ার কুণ্ডলী, গ্রেফতার ২
সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুবাইয়ের জেবেল আলী বন্দরে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই বন্দর এলাকা থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে, যা বহুদূর থেকেও দৃশ্যমান ছিল।
ঘটনার পরপরই স্থানীয় জরুরি সেবা ও দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। প্রাথমিকভাবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি। সংবেদনশীল এই ঘটনার ধরণ বা এতে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বন্দর কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
তবে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিক ধারণানুযায়ী এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে থাকতে পারে। নিরাপত্তা ও উদ্ধার জোরদার করতে পুরো বন্দর এলাকায় সতর্কাবস্থা জারি করা হয়েছে এবং পুলিশ আশপাশের এলাকা ঘিরে রেখেছে।
এদিকে, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের দৃশ্য ধারণ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। দুবাই প্রশাসনের নিষেধাজ্ঞা ও নিরাপত্তা আইন ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ফুটেজ বা ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়। কারণ, আমিরাতে এ ধরনের জরুরি পরিস্থিতি বা অগ্নিকাণ্ডের অনুমোদনহীন চিত্রধারণ ও প্রচার আইনত দণ্ডনীয়।
মধ্যপ্রাচ্যের বৃহত্তম কৃত্রিম বন্দর এবং সমুদ্রপথে বাণিজ্যিক পরিবহনের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় জেবেল আলী বন্দরের এই ঘটনাটি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং কর্তৃপক্ষ মূল কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
সূত্র: প্রেস টিভি (Press TV)