আশুরা উপলক্ষে যশোরে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
সুমন ঘোষ যশোর
যশোর, ২৬ জুন: পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আশুরা স্মরণে আলোচনা সভা, বিশেষ দোয়া ও নামাজের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে দানবীর হাজী মো. মহসিন ইমামবাড়া কার্যনির্বাহী পরিষদের ব্যানারে একটি শোকাবহ তাজিয়া মিছিল বের করা হয়।
মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, চৌরাস্তা ও আরএন রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরতলীর মুড়লী মোড়ের ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন’, ‘হায় হোসেন’ ও ‘হায় হাসান’ ধ্বনির মাধ্যমে কারবালার শোকাবহ ঘটনার স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠান ও মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আয়োজকদের ভাষ্য, আশুরা মুসলিম উম্মাহর ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবার-পরিজন ও সঙ্গীদের আত্মত্যাগ সত্য, ন্যায় ও ইসলামের আদর্শ রক্ষার অনন্য দৃষ্টান্ত। সেই আত্মত্যাগের স্মরণে প্রতিবছরের মতো এবারও শোক, সংযম ও ধর্মীয় মর্যাদার সঙ্গে আশুরা পালন করা হয়েছে।
মিছিলে শিয়া সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক অনুসারী অংশ নেন। কালো পোশাক পরিহিত অনেকেই শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং কারবালার শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সম্প্রীতি, কল্যাণ এবং বিশ্বে ন্যায় ও মানবতার প্রতিষ্ঠা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ জাতীয় আরো খবর..