. .
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার
তেরখাদা (খুলনা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলা বিএনপির বিরুদ্ধে কেন্দ্রীয় ও জেলা বিএনপির সিদ্ধান্ত ছাড়াই অর্থের বিনিময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে ছয়টি ইউনিয়নে দলীয় মনোনয়নপ্রত্যাশী ৪৬ জন প্রার্থীর কাছে প্রতিটি ফরম পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
মনোনয়ন ফরম ক্রয়কারী কয়েকজন প্রার্থী জানান, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা পাঁচ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেছেন। তবে এ বিষয়ে কেন্দ্রীয় বা জেলা বিএনপির কোনো সিদ্ধান্ত রয়েছে কি না, তা তাঁদের জানা নেই।
৩ নম্বর ছাগলাদাহ ইউনিয়নের মোহাম্মদ মানজুরুল আহসান দারু, ২ নম্বর বারাসাত ইউনিয়নের তারেক রেজা এবং ৫ নম্বর তেরখাদা ইউনিয়নের মোল্লা মাহবুবুর রহমান, শেখ আজিজুর রহমান (আজিবর), মহিবুল্লাহ, আব্দুল মান্নান সরদার ও অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ মনোনয়নপ্রত্যাশীরা উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ফরম কেনার কথা জানান।
তেরখাদা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কাওসার আলী বলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় এবং দলীয় তহবিল শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ফরম বিক্রি করা হচ্ছে। ফরম বিক্রির অর্থ ব্যাংকে যৌথ হিসাবের মাধ্যমে জমা রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্র বা জেলা বিএনপি অবগত নয় বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, এ বিষয়ে জেলা বিএনপিকে জানানো উচিত ছিল।
উপজেলা বিএনপির মৌখিক দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবু জানান, ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
অন্যদিকে, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি জানান, তেরখাদা উপজেলা বিএনপির ফরম বিক্রির বিষয়ে জেলা বিএনপি কিছুই জানে না। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না আসায় এ বিষয়ে জেলার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তাঁরা আরও জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণিত হলে তেরখাদা উপজেলা বিএনপির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।