সিরাজগঞ্জের তাড়াশে বাথরুমের পাশে গাঁজা চাষ: ১০ ফুট লম্বা ২টি তাজা গাছসহ গ্রেপ্তার-১
মো.সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বসতবাড়িতে লালন-পালন করা প্রায় ১০ ফুট লম্বা দুইটি তাজা গাঁজাগাছসহ মোঃ শামসুল হক (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল তাড়াশ থানাধীন তালম ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামি শামসুল হকের বসতবাড়ির ভেতরের পশ্চিম পাশে বাথরুম সংলগ্ন টিনের বেড়ার পাশ থেকে ১০ ফুট উচ্চতার দুইটি বিশালাকার তাজা গাঁজাগাছ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে গাছ দুটি জব্দ করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শামসুল হককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তাড়াশ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদকের যেকোনো তথ্য দিয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..