ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৩ দফা দাবিতে ডিসি কার্যালয়ে অবস্থান কর্মসূচি
সুমন ঘোষ
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। সোমবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ভবদহ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ভবদহ এলাকার জলাবদ্ধতা এখন শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি লাখো মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পরিবেশের জন্য বড় সংকটে পরিণত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের পাশাপাশি নদী খননের কাজ একযোগে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সংগ্রাম কমিটির পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— দ্রুত টিআরএম বাস্তবায়ন ও নদী খনন কার্যক্রম সমান্তরালভাবে পরিচালনা, আমডাঙ্গা খালের সংস্কারে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং খর্নিয়া ব্রিজ সংলগ্ন আড় বাঁধসহ সকল অবৈধ আড়বাঁধ ও নদীর পলি অপসারণ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ ও তসলিম-উর-রহমান, সদস্য সচিব চৈতন্য কুমার পাল এবং সদস্য অনিল বিশ্বাস, শেখর রায়, মাসুদ শেখ, সাধন বিশ্বাস, বিকাশ চন্দ্র মল্লিক, পলাশ বিশ্বাস ও রাজু আহমেদসহ স্থানীয় আন্দোলনকারীরা।
এ সময় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। দ্রুত দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।
এ জাতীয় আরো খবর..