যশোরে দৌলদিহী সিরিজ খাল খনন কাজের উদ্বোধন
উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সুমন ঘোষ যশোর
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের দৌলদিহী সিরিজ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুই মে শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় জেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে এলাকার কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশ ব্যবস্থাপনায় নানা সমস্যা দেখা দিচ্ছিল। খাল খননের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামাঞ্চলের অবকাঠামো ও কৃষি ব্যবস্থার উন্নয়নেও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা খাল খনন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা এ উদ্যোগের অপেক্ষায় ছিলেন। খালটি পুনরুদ্ধার হলে কৃষিকাজে নতুন গতি আসবে এবং এলাকাবাসীর ভোগান্তি অনেকাংশে কমে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী খাল খনন এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।
এ জাতীয় আরো খবর..