যশোর সিটি কর্পোরেশন ঘোষণা দাবিতে মানববন্ধন
সুমন ঘোষ যশোর
যশোরে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিকে সামনে রেখে মানববন্ধন ও নানা আয়োজনে উদযাপিত হয়েছে ‘যশোর কমিউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (২৪ এপ্রিল) যশোর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডা. রাহান হাসানের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন জেলা এবং প্রথম স্বাধীন জেলা হিসেবে পরিচিত যশোর এখনো সিটি কর্পোরেশনের মর্যাদা না পাওয়ায় উন্নয়ন ব্যাহত হচ্ছে। আসন্ন প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে দ্রুত যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার জোর দাবি জানান তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ তার বক্তব্যে বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পরিকল্পিত নগরায়নের স্বার্থে যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা সময়ের দাবি। পাশাপাশি শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক আবির হাসান এবং প্রচার সম্পাদক রাকিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা যশোরের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন। এসময় তারা সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। আয়োজকরা জানান, জনসচেতনতা বাড়াতে এবং এ দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে উদযাপন করা হয়।
এ জাতীয় আরো খবর..