. .
সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেস্ক রিপোর্ট আজিজা নাজমিন
বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রবিবার (২৬ জুলাই ২০২৬) সকালে রাজধানী ঢাকায় সেনাসদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পর্ষদের শুভ সূচনা করেন এবং উপস্থিত সেনাকর্তা ও পর্ষদ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও প্রশাসনিক পুনর্গঠনে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর অকুতোভয় সদস্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
একটি পেশাদার, দক্ষ ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি ও উপযুক্ত নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যেকোনো ধরনের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠতে হবে। সামরিক পেশাদারিত্ব, চারিত্রিক দৃঢ়তা, সততা, মেধা এবং যোগ্যতাই হতে হবে পদোন্নতির একমাত্র মাপকাঠি।
তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাসদস্যরা সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং যেকোনো জাতীয় প্রয়োজনে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনা প্রধানসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পর্ষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। পর্ষদ সদস্যরা সেনাসদস্যদের পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্বের সুপারিশ করবেন।
নিউজ সূত্র:
অফিসিয়াল তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট (ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/share/p/1JPnEKYKdW/ )