. .
.

যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
প্রতারণা, দালালচক্র ও লাইসেন্সবিহীন কার্যক্রমের অভিযোগ

সুমন ঘোষ যশোর 


যশোরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, রোগীদের সঙ্গে প্রতারণা এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে “ডিএনএ” ও “পেয়ারলেস” নামে দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। এসময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায়, ভুল ও বিভ্রান্তিকর রিপোর্ট প্রদান, দালালের মাধ্যমে রোগী সংগ্রহ এবং নানা ধরনের অনিয়মের অভিযোগ জমা পড়ছিল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করলে প্রাথমিক তদন্তে নানা অসঙ্গতির সত্যতা পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আবির হোসেন জানান, “ডিএনএ” ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দালালচক্রের মাধ্যমে রোগী আনা এবং বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া রোগীদের বিভ্রান্তিকর রিপোর্ট দেওয়ার বিষয়েও একাধিক অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরও জানান, “পেয়ারলেস” ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের প্রতারণা বা অবৈধ ব্যবসা সহ্য করা হবে না। সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে অনিয়ম করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোরে ভুয়া ও অনিয়মে জড়িত ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে রোগীদের হয়রানি ও প্রতারণার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--