. .
.

খুলনায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

খুলনায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিশুদের মেধা বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার। তাদের যোগ্য, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পারিবারিক ও সামাজিক আচরণের কারণে কোনো শিশু যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি কমিয়ে শিশুদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা।

শাখা উপদেষ্টা সভাপতি অধ্যাপক ড. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখা উপদেষ্টা কোষাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এহসানুল কবির, আসরের প্রাক্তন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আশিকুজ্জামান সুরুজ, বর্তমান কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইমরান জাবির এবং খুলনা মহানগরী পরিচালক সাব্বির আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সংগঠক, অভিভাবক ও শিশুকিশোররা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা, মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

উল্লেখ্য, ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’—এই স্লোগানকে ধারণ করে ফুলকুঁড়ি আসর শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--