. .
.

‎‎এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা, যুবক আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

‎‎এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা, যুবক আটক
‎
‎মোঃসাদ্দাম মিয়া
‎উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
‎
‎যশোরের অভয়নগরের এক এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিয়ের প্রস্তাব দিয়ে আসার অভিযোগে এক যুবককে আটক করেছে ফুলতলা থানা পুলিশ। শনিবার (১৭ মে ২০২৬) দুপুরে খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার গোডাউন ঘাট খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
‎ভুক্তভোগী মরিয়াম খানম নদী (১৭) যশোর জেলার অভয়নগর থানার সিদ্ধিপাশা পি.বি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তার পরীক্ষার কেন্দ্র ছিল ফুলতলা থানাধীন রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে।
‎এ ঘটনায় মরিয়ামের বাবা মোঃ বাদশা গাজী (৪৬), সাং-সিদ্ধিপাশা, থানা-অভয়নগর, জেলা-যশোর বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আশিক শেখ (২৫), পিতা-আজিজুর শেখ, সাং-গোপিনাথপুর, থানা-অভয়নগর, জেলা-যশোর।
‎অভিযোগে জানা যায়, আশিক শেখ প্রায় দুই বছর ধরে মরিয়ামকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। পরিবার রাজি না হওয়ায় বিভিন্ন সময় স্কুলে যাওয়া-আসার পথে মরিয়ামকে উত্ত্যক্ত করত এবং অশালীন আচরণ করত। এমনকি রাজি না হলে মরিয়াম ও তার বাবাকে গুলি করে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎শনিবার মরিয়াম তার মা টুকটুকি বেগমকে সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসে। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর অভিযুক্ত আশিক শেখ তাদের পিছু নেয়। বিষয়টি বুঝতে পেরে টুকটুকি বেগম মোবাইল ফোনে তার স্বামী বাদশা গাজীকে বিষয়টি জানান। পরে তিনি ঘটনাস্থলে এসে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
‎পথিমধ্যে দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে তারা দামোদর গ্রামের গোডাউন ঘাটের খেয়ায় উঠলে আগে থেকে ওত পেতে থাকা আশিক শেখ হাতে থাকা ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় টুকটুকি বেগম খেয়ার ওপর পড়ে যান। পরে আশিক শেখ মরিয়ামকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে মরিয়াম সরে গেলে তার ডান কাঁধে গুরুতর কাটা জখম হয়।
‎ঘটনার পর অভিযুক্ত খেয়া থেকে নেমে পালানোর চেষ্টা করলে বাদশা গাজী স্থানীয় লোকজনের সহায়তায় খাদ্য গুদাম এলাকা থেকে ডাবুর মাঠগামী পাকা রাস্তার ওপর তাকে আটক করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্ত তার হাতে থাকা ছুরিটি একটি দোকানের সামনে থাকা চৌকির ওপর ফেলে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
‎খবর পেয়ে ফুলতলা থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছে আটক আশিক শেখকে নিজেদের হেফাজতে নেয়। আহত মরিয়াম খানম নদীকে স্থানীয়দের সহায়তায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
‎

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--