বাংলাদেশ পুলিশের সম্মানজনক ‘এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পেলেন ফকিরহাটের অলক কুমার দে
সুমন ঘোষ যশোর
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কৃতি সন্তান অলক কুমার দে বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ ‘এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ অর্জন করেছেন। বর্তমানে তিনি যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত দক্ষতা, সততা ও দৃষ্টান্তমূলক সেবার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে, চলতি বছরে সারা দেশ থেকে নির্বাচিত মাত্র ৩৬ জন পুলিশ সদস্যকে এই বিশেষ ব্যাজ প্রদান করা হয়েছে। তাদের মধ্যে স্থান করে নেওয়ায় ফকিরহাটসহ পুরো বাগেরহাট জেলায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের দোহাজারী গ্রামের সন্তান অলক কুমার দে দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ঢাকা কেরানীগঞ্জ থানায় এসআই হিসেবে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
স্থানীয়রা জানান, পেশাগত দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং আইন-শৃঙ্খলা বিষয়ে সচেতনতা তৈরিতে অলক কুমার দে সবসময় আন্তরিক। বর্তমান কর্মস্থল যশোরেও তিনি একজন সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
নিজের এই অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অলক কুমার দে বলেন, “দেশ ও মানুষের সেবা করার সুযোগ পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি ফকিরহাটবাসীরও গর্ব।”
তার এই সাফল্যে পরিবার, সহকর্মী ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও তিনি সততা ও দক্ষতার সঙ্গে দেশের সেবায় কাজ করে যাবেন—এমন প্রত্যাশা সবার।
এ জাতীয় আরো খবর..