গাড়িতে লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হয় না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
গাড়িতে চড়ে লংমার্চ করলেই গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, লংমার্চ করেই যদি গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান করা যেত, তাহলে বিএনপিই সবার আগে লংমার্চের আয়োজন করত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করেছিল সরকার। কিন্তু এর পরিবর্তে তারা বড় পরিসরে গাড়ির লংমার্চের আয়োজন করেছে।
তিনি বলেন, “গাড়ির লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করা যেত, তাহলে আমরাই সবার আগে লংমার্চের আয়োজন করতাম।”
তারেক রহমান বলেন, জনগণ তাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। তাই সরকারি ও বিরোধী দলের প্রতিটি সংসদ সদস্যের দায়িত্ব হলো দেশের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা এবং সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা।
তিনি আরও বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যাগুলোকে সরকার অজুহাত হিসেবে দাঁড় করাতে চায় না। বরং এসব সমস্যা মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে জনজীবনে শান্তি, স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ সংকট মোকাবিলায় অফিসের সময়সূচি পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধি ও ব্যাংকের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তবে বর্তমান সরকার কোনো অজুহাত দেখিয়ে জনগণের সমস্যা সমাধান এড়িয়ে যেতে চায় না।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় আগের সরকারের কুইক রেন্টাল নীতির সমালোচনা করে তিনি বলেন, কুইক রেন্টালের নামে কিছু মানুষকে সুবিধা দিয়ে রাষ্ট্রকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও ঋণগ্রস্ত করা হয়েছিল।
এ জাতীয় আরো খবর..