যশোরে রেড ক্রিসেন্টের ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সুমন ঘোষ যশোর
দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের রেড ক্রিসেন্ট অডিটোরিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে ডেঙ্গু সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ডেঙ্গুর লক্ষণ, ঝুঁকি এবং প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং রোগীকে যথাযথ পরিচর্যার আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুনসহ রেড ক্রিসেন্টের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
সেমিনারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..