. .
ফুলতলায় বিসিএসআইআর’র সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
খনিজভিত্তিক লাইফস্টাইল প্রযুক্তির প্রসারে গুরুত্বারোপ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর আয়োজনে খুলনার ফুলতলা উপজেলা অডিটোরিয়াম হলে “খনিজভিত্তিক উদ্ভাবিত লাইফস্টাইল প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গবেষক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অডিটোরিয়াম মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০৫ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আজগার লবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সুচি রানী সাহা। এছাড়াও বিসিএসআইআর-এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বলেন, খনিজভিত্তিক উদ্ভাবিত লাইফস্টাইল প্রযুক্তি দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানভিত্তিক এসব প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এজন্য গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে দ্রুত সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে তা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, বিসিএসআইআর দীর্ঘদিন ধরে দেশীয় সম্পদ ব্যবহার করে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্য তৈরি করে আসছে, যা শিল্প ও কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলছে। এসব প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের সমন্বয় জরুরি।
সেমিনারের পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে বিসিএসআইআর উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি, পণ্য ও গবেষণালব্ধ উদ্ভাবন উপস্থাপন করা হয়। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা এসব প্রযুক্তির ব্যবহারিক দিক সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন, যা তাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষাংশে অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত কৃষক, উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ ধরনের আয়োজন প্রযুক্তিনির্ভর উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।