গাবতলা গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও মাদক নির্মূল কমিটি গঠন
মোঃ সাদ্দাম মিয়া
উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
খুলনার ফুলতলা উপজেলার গাবতলা গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গাবতলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গ্রাম থেকে মাদক নির্মূল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি মাদক নির্মূল কমিটিও গঠন করা হয়।
শুক্রবার বিকেলে গাবতলা এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাবতলা ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক মিয়া ফরহাদ হোসেন। সভায় তিনি মিয়া রবিউস সানি রোমানকে আহ্বায়ক করে নবগঠিত মাদক নির্মূল কমিটির ঘোষণা দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ। একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন হাসান মাহমুদ টিটো আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজাহান আলী থানা শাখা; জাকারিয়া মাহমুদ পিটু, আহ্বায়ক, ২ নম্বর ওয়ার্ড বিএনপি, আটরা-গিলাতলা ইউনিয়ন; রবিউল হাসান সবুজ, সদস্য সচিব, ২ নম্বর ওয়ার্ড বিএনপি; মিয়া ইমলাক হোসেন, যুগ্ম আহ্বায়ক, ২ নম্বর ওয়ার্ড বিএনপি; গোলাম জিলানি মুন, ইউপি সদস্য, ২ নম্বর ওয়ার্ড, আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদ; সাইদুজ্জামান চৌধুরী ডলার, বিশিষ্ট সমাজসেবক; রবিউল ইসলাম মিয়া, সভাপতি, ইস্টার্ন গেট বাজার বণিক সমিতি; মমিনুল ইসলাম মিন্টু, সদস্য, ২ নম্বর ওয়ার্ড বিএনপি; জনাব সোহেল মিয়া, বিএনপি নেতা ও সমাজসেবক; আব্দুস সালাম জমাদ্দার, সদস্য, ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, আলিম জুট মিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রামবাসী।
সভা শেষে নবগঠিত মাদক নির্মূল কমিটির আহ্বায়ক মিয়া রবিউস সানি রোমান বলেন, মাদকমুক্ত গাবতলা গড়তে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।
এ সময় নবগঠিত কমিটির সদস্যরা গাবতলা গ্রামকে মাদকমুক্ত, নিরাপদ ও সামাজিকভাবে সচেতন একটি আদর্শ গ্রামে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..