মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন
সুমন ঘোষ যশোর
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর (এআইটি) আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ বাইকার এসোসিয়েশন, যশোর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন বাইকিং কমিউনিটির প্রায় অর্ধশতাধিক বাইকার অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও যশোর বাইকিং কমিউনিটির এডমিন এসকে সুজন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, বর্তমানে মোটরসাইকেল কেবল শখের বাহন নয়, বরং অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, রাইড শেয়ার চালকসহ নানা পেশার মানুষের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে নারী ব্যবহারকারীদের নিরাপদ চলাচলেও মোটরসাইকেলের ভূমিকা বাড়ছে।
তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে ১১০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বার্ষিক ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, মোটরসাইকেল ক্রয়ের সময় রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা ও জ্বালানির ওপর বিদ্যমান কর পরিশোধের পর নতুন করে অগ্রিম আয়কর আরোপ মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য বাড়তি ভোগান্তির কারণ হবে।
এ সময় তারা মোটরসাইকেলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা না করা, প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহার বা যৌক্তিকভাবে পুনর্বিবেচনা এবং পরিবহন খাতকে জনবান্ধব রাখার দাবি জানান।
মানববন্ধনে যশোর বাইকিং কমিউনিটি ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন পিয়াল, যশোর ফায়ার রাইডার্সের এডমিন রাব্বি, স্কোয়াড রাইডার্সের কাজী রাকিব, ডেঞ্জারাস বাইক রাইডার্সের পিএইচ রকি, সিটি রাইডার্সের শহিদুল, ফ্রিডম বাইক রাইডার্সের সাগর ও যশোর দেশি বাইকারের কো-অর্ডিনেটর ইমরানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..