শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল–এ ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, সম্প্রতি হাসপাতালের শিশু বিভাগে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা কর্মবিরতিতে যান।
কর্মসূচি থেকে চিকিৎসকরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো— হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার জন্য অনুকূল পরিবেশ বজায় রাখা।
কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের ভাষ্য, নিরাপত্তাহীন পরিবেশে চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব নয়। দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচির পথে যেতে পারেন বলে হুঁশিয়ারি দেন।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ জাতীয় আরো খবর..