. .
.

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে যশোরে ফারিয়ার মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে যশোরে ফারিয়ার মানববন্ধন ও বিক্ষোভ
সুমন ঘোষ যশোর 

ঢাকায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার, অপমান ও হয়রানির ঘটনার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এলায়েন্স (ফারিয়া) যশোর জেলা শাখা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ঘোপ-নওয়াপাড়া সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল ল্যাবএইডের সামনে থেকে শুরু হয়ে হাসপাতালের ৩ নম্বর গেটে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রায় ৮০ থেকে ৯০ জন প্রতিনিধি অংশ নেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফারিয়া যশোর জেলা শাখার এক্সিকিউটিভ ফোরামের সদস্য ফারুক মাহমুদ। সেক্রেটারির দায়িত্ব পালন করেন আজমুল হুদা। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন।
বক্তারা বলেন, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসক, হাসপাতাল ও রোগীদের মাঝে ওষুধ সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সাম্প্রতিক সময়ে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতার, অপমান ও হয়রানির অভিযোগ উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
এ সময় কয়েকজন বক্তা কিছু গণমাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও মানহানিকর মন্তব্যেরও সমালোচনা করেন। তারা বলেন, পেশাজীবীদের সম্মানহানিকর বক্তব্য বন্ধ হওয়া উচিত এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে।
সভা থেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিও জানান বক্তারা।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--