ইরান যুদ্ধ জুন পর্যন্ত চললে বৈশ্বিক তীব্র ক্ষুধার সংখ্যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে -ডব্লিউএফপি
মীর দিনার হোসেন: জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ যদি জুন মাস পর্যন্ত চলতে থাকে তাহলে খাদ্য, তেল ও শিপিং খরচের উল্লম্ফনের কারণে বিশ্বব্যাপী আরও ৪৫ মিলিয়ন মানুষ তীব্র ক্ষুধায় পড়তে পারে। এটি ঘটলে বৈশ্বিক তীব্র ক্ষুধার সংখ্যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
বর্তমানে বিশ্বে ইতিমধ্যে ৩১৯ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যা ঐতিহাসিক সর্বোচ্চ সংখ্যা। এই সংখ্যা গত পাঁচ বছরে তিনগুণ বেড়েছে, যার পেছনে চরম আবহাওয়া, সংঘাত ও অর্থনৈতিক চাপ দায়ী।
ডব্লিউএফপির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের বলেন, “যদি এই সংঘাত জুন পর্যন্ত চলে এবং তেলের দাম ১০০ ডলারের উপরে থাকে, তাহলে দাম বৃদ্ধির কারণে আরও ৪৫ মিলিয়ন মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়বে। এটি বিশ্বব্যাপী ক্ষুধার মাত্রাকে সর্বকালের সবচেয়ে ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে—একটি ভয়ানক সম্ভাবনা।”
যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে শিপিং বাধাগ্রস্ত হওয়া, লোহিত সাগরে ঝুঁকি বৃদ্ধি এবং সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ায় জ্বালানি, সার ও খাদ্যের দাম বেড়েছে। এর প্রভাব সংঘাতকবলিত অঞ্চল ছাড়িয়ে বিশ্বের দূরবর্তী দেশগুলোতেও পড়ছে, যেখানে পরিবারগুলো মৌলিক খাদ্য কিনতে অক্ষম হয়ে পড়ছে।
ডব্লিউএফপি জানিয়েছে, এই সংকট মানবিক সহায়তা তহবিল সংগ্রহকে আরও কঠিন করে তুলবে। বিশ্ব এখন “পারফেক্ট স্টর্ম”-এর মধ্যে রয়েছে, যেখানে ক্ষুধা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গভীর ও ব্যাপক।
এ জাতীয় আরো খবর..