. .
নিউজ ডেস্ক: মোঃ সুমন সরদার
শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুনঃভর্তি ফি আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, ২০২৬’-এ বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উঠলে প্রতি বছর নির্ধারিত সেশন চার্জ নেওয়া যেতে পারে।
নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্ধারিত খাতের বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান ভিন্ন উপায়ে শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করছে—এমন অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।