. .
.

প্রজনন মৌসুমে সুন্দরবনে অবৈধ মাছ শিকার, ৩ জেলে কারাগারে

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


প্রজনন মৌসুমে সুন্দরবনে অবৈধ মাছ শিকার, ৩ জেলে কারাগারে
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের প্রজনন মৌসুমে প্রবেশ নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা, চিংড়ি মাছ ও অবৈধ ভেশাল জাল উদ্ধার করা হয়েছে। পরে বন আইনে মামলা দায়ের করে আটক তিন জেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ভোর ৪টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের অধীন কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা কুলুখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক জেলেরা হলেন—মজিবার রহমান (৫৭), সাইফুল ঢালী (৪০) ও মনিরুজ্জামান বাবু (২৯)। তারা সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিলেন বলে বন বিভাগ জানিয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে মাছের প্রজনন মৌসুমে নির্দিষ্ট সময় ও এলাকায় প্রবেশ এবং মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর রাখতে বন বিভাগের বিভিন্ন স্টেশন থেকে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা কুলুখালি এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জেলেকে আটক করেন।
অভিযানে নেতৃত্ব দেন কাশিয়াবাদ স্টেশনের কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন। অভিযানের সময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা, চিংড়ি মাছ এবং মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ ভেশাল জাল জব্দ করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে আটক তিন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ ও মাছ শিকার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--