যশোরে ২৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ
সুমন ঘোষ যশোর
যশোরে আগামী ২৫ জুলাই (শনিবার) জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, শনিবার বেলা সাড়ে ৩টায় শহরের চৌরাস্তা মোড়ে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
মোস্তফা আমির ফয়সাল বলেন, সমাবেশের তারিখ ঘোষণার পর গত এক সপ্তাহে জেলা স্বেচ্ছাসেবক দলের সব সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সভা করেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাদের প্রত্যাশা, এবার সমাবেশে অতীতের তুলনায় বেশি মানুষের উপস্থিতি হবে।
তিনি আরও বলেন, ছুটির দিনে শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে সমাবেশ হওয়ায় সাধারণ মানুষের চলাচলে সাময়িক অসুবিধা হতে পারে। এ জন্য দলের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য রাজু আহমেদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..