. .
.

উল্লাপাড়ায় দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় মামলা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

উল্লাপাড়ায় দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে  শিক্ষক উধাও, থানায় মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেন (৩৮) ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নিখোঁজ ছাত্রীর মা মমতা খাতুন।

অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ শিক্ষার্থী জিন্নাতারা (১৪) উপজেলার বালসাবাড়ি এলাকার হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় অধ্যয়ন একাডেমি নামের একটি কোচিং সেন্টারে পড়াশোনা করত। পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষক রাজিব হোসেনের কাছে বাসায় প্রাইভেট পড়ত।

নিখোঁজ ছাত্রীর মা মমতা খাতুনের অভিযোগ, শিক্ষক রাজিব হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে গেছেন। বুধবার সকালে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দুই দিন ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সকালে তিনি থানায় মামলা দায়ের করেন।

মমতা খাতুন আরও অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক এর আগেও আরও দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। পরবর্তীতে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

এ বিষয়ে বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান জানান, রাজিব হোসেন এর আগেও বিদ্যালয়ের দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন বলে তিনি জানেন। পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--