মহম্মদপুর-এ অবৈধ অনলাইন জুয়ার থাবা: বিপর্যস্ত যুব সমাজ।
সুজন
মাগুরা (প্রতিনিধি)।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় অবৈধ অনলাইন জুয়ার বিস্তারে বিপর্যস্ত হয়ে পড়ছে যুব সমাজের একটি বড় অংশ।কোন ক্রমে জানো থামছেনা। স্থানীয়দের অভিযোগ, সহজলভ্য স্মার্টফোন ও ইন্টারনেট সুবিধাকে কাজে লাগিয়ে সক্রিয় একটি চক্র বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের জুয়ার ফাঁদে ফেলছে। এতে প্রতিদিনই নতুন নতুন যুবক অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, অনলাইন জুয়ার ডিলাররা প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে তরুণদের খেলায় যুক্ত করে। পরে বড় অঙ্কের টাকা বিনিয়োগে উৎসাহিত করা হয়। একপর্যায়ে আসক্ত হয়ে অনেকেই ধার-দেনায় জড়িয়ে পড়ছেন। কেউ জমিজমা বিক্রি করছেন, কেউ আবার পরিবার থেকে গোপনে ঋণ নিয়ে সর্বস্বান্ত হচ্ছেন।
একাধিক পরিবার জানায়, অনলাইন জুয়ার কারণে তাদের সন্তান বা স্বজন আর্থিকভাবে ধ্বংস হয়ে পড়েছেন। অনেক পরিবারে অশান্তি তৈরি হয়েছে, ভেঙে পড়েছে পারিবারিক বন্ধন। স্থানীয়দের ভাষ্য, ডিলাররা অল্প সময়ে কোটিপতি বনে গেলেও সাধারণ পরিবারগুলো পথে বসছে।
সচেতন মহলের মতে, অবৈধ অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনগত পদক্ষেপ জরুরি। পাশাপাশি তরুণদের সচেতন করতে সামাজিক ও পারিবারিক উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন, “অনলাইন জুয়া এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। অবৈধভাবে ডিলারি ব্যবসার সঙ্গে জড়িতদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”
ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে। স্থানীয়রা মনে করছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।ইতিমধ্যে অনেক পরিবার সামাজিক ভাবে পারিবারিক ভাবে অবকাঠামো ভেঙ্গে পড়েছে।
এ জাতীয় আরো খবর..