মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ,
সুমন ঘোষ
নিজস্ব প্রতিবেদক:
বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কথাসাহিত্যিক ও কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে তাঁর স্মৃতিকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকালে পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন এবং স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজার। শুভেচ্ছা বক্তব্য দেবেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমানের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের।
এ জাতীয় আরো খবর..