তাড়াশে ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা।
উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রামানিক ও খন্দকার সাইফুল ইসলাম।
এছাড়াও উপজেলা কৃষকদলের সভাপতি গোপালচন্দ্র ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর কৃষকদলের আহ্বায়ক আজাদ আলী ও সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব সাইফুল খান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরণ করা হবে।
এ জাতীয় আরো খবর..