. .
.

ফুলতলায় জাতীয় যুব দিবস উদযাপন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ফুলতলায় জাতীয় যুব দিবস উদযাপন

র‍্যালি ও আলোচনা সভায় দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান

ফুলতলা প্রতিনিধি:

খুলনার ফুলতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর লবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ এবং ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সানোয়ার হোসেন মাসুম।

ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হাওলাদারের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিকল্প নেই। যুবকদের যথাযথ প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। প্রযুক্তিগত জ্ঞান, বাস্তবমুখী দক্ষতা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তরুণদের নিজেদের যোগ্য করে তুলতে হবে। এ জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ এবং তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন অনেকাংশেই নির্ভর করছে তরুণ প্রজন্মের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও কর্মদক্ষতার ওপর।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যুবসমাজের সম্ভাবনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক ফুলতলা প্রতিদিন অনলাইন সংবাদ বিভাগ

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--