. .
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী মেধাবী শিক্ষার্থীরা স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও অন্যান্য উচ্চতর শিক্ষাক্রমে আবেদন করতে পারবেন।
চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ থাকলেও ফারসি ভাষা ও সাহিত্য, ইরান স্টাডিজ, মানবিক বিজ্ঞান এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে আবেদনকারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদেরও অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।
স্নাতক বা অনার্স পর্যায়ে আবেদনের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। মাস্টার্সে ভর্তির জন্য অনার্সে কমপক্ষে ৭৫ শতাংশ এবং পিএইচডি ও প্রফেশনাল ডক্টরেট পর্যায়ে আবেদনের জন্য মাস্টার্সে ন্যূনতম ৮০ শতাংশ নম্বর প্রয়োজন হবে।
আবেদনের সময় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এবং কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট জমা দিতে হবে।
প্রয়োজন অনুযায়ী এসব নথির বৈধ বা সরকারি ইংরেজি অনুবাদও দিতে হবে। সনদ ও ট্রান্সক্রিপ্টে যথাযথ সিল ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
পাসপোর্টের ক্ষেত্রে শুধু প্রথম পৃষ্ঠার পরিষ্কার স্ক্যান কপি গ্রহণ করা হবে। মোবাইল ফোনে তোলা অস্পষ্ট বা অনানুষ্ঠানিক ছবি গ্রহণযোগ্য হবে না।
বৃত্তির ক্ষেত্রে ‘এ’ ও ‘বি’—দুই ধরনের সুবিধা রয়েছে।
বৃত্তি ‘এ’ বা পূর্ণ বৃত্তির আওতায় বিনামূল্যে শিক্ষা, চিকিৎসাসেবা বা স্বাস্থ্যবীমা, একক শিক্ষার্থীদের আবাসিক সুবিধা এবং টিউশন ফি সহায়তা দেওয়া হবে। ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে আবেদনকারীদের পূর্ণ বৃত্তির ক্ষেত্রে সাধারণত অগ্রাধিকার দেওয়া হয়।
অন্যদিকে, বৃত্তি ‘বি’-এর আওতায় বিনামূল্যে শিক্ষা, চিকিৎসাসেবা বা স্বাস্থ্যবীমা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা রয়েছে।
আবেদন যাচাই, প্রয়োজনীয় ক্লিয়ারেন্স এবং Admission Working Group-এর পর্যালোচনাসহ পুরো প্রক্রিয়ায় কমপক্ষে ৪০ দিন সময় লাগতে পারে। তাই নির্ধারিত সময়ের আগেই সম্পূর্ণ আবেদন ফাইল জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষা ও গবেষণা বিভাগে যোগাযোগ করা যাবে।
যোগাযোগ: ০২৪১০২০৪২১-২৪
ই-মেইল: dhaka.icro@gmail.com
উল্লেখ্য, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ১১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।