. .
.

নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের:

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী অমিত

সুমন ঘোষ যশোর 

যশোর, ৪ জুলাই: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই জ্বালানি ব্যবস্থার বিকাশে নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকালে যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে ‘এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন এবং জিলা স্কুলের নতুন ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশের বিদ্যুৎ উৎপাদন মূলত ডিজেল ও ফার্নেস অয়েলনির্ভর ছিল। পরে গ্যাস ও কয়লাভিত্তিক উৎপাদন বৃদ্ধি পেলেও এসব জ্বালানি পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। এ কারণে সরকার ধীরে ধীরে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে।
তিনি জানান, চলতি বাজেটে বৈদ্যুতিক বাইকের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যাতে পরিবেশবান্ধব যানবাহারের ব্যবহার বাড়ে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের মাধ্যমে ভবিষ্যতে সিটি করপোরেশন ও পৌরসভার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও সরকারের রয়েছে।
শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর ও আনন্দময় পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শেখার সুযোগ পেলে তাদের শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা শেষ করে দেশের উন্নয়ন ও পুনর্গঠনে নিজেদের মেধা কাজে লাগাতে হবে। ভুল সঙ্গ ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনে ব্যর্থতা আসতেই পারে, তবে থেমে না গিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়াই সফলতার পথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আযম মো. আব্দুস ছালাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু এবং নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যশোর জিলা স্কুলে ১৩ কোটি ৯ লাখ ৯২ হাজার ৩০০ টাকা ব্যয়ে আধুনিক ১০ তলা একাডেমিক ভবন নির্মাণ করছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--