র্যাব বিলুপ্ত করে এসআরবি, ‘নতুন বোতলে পুরোনো মদ’: এমপি নাজিবুর
নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের লক্ষ্যে আনা বিলের সমালোচনা করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
তার অভিযোগ, নতুন বাহিনী গঠনের নামে মূলত র্যাবের কাঠামোকেই বহাল রাখা হচ্ছে। প্রস্তাবিত আইনে র্যাবের জনবল, কার্যালয়, ক্ষমতা, নথিপত্র, সম্পদ, চুক্তি, দায় ও দায়িত্ব এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এ কারণে শুধু নাম ও সাইনবোর্ড পরিবর্তন করে বাহিনীকে নতুন রূপ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন নাজিবুর রহমান। তিনি বিষয়টিকে ‘নতুন বোতলে পুরোনো মদ’ হিসেবে আখ্যায়িত করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাজিবুর রহমান বলেন, ২০১৪ সালের মে মাসে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবের একটি স্কোয়াডকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, তখন সংস্কারের পরিবর্তে সরাসরি র্যাব বিলুপ্তির দাবি তোলা হয়েছিল।
তিনি আরও বলেন, ২০১৯ সালেও খালেদা জিয়া র্যাবকে ‘ক্যানসার’ আখ্যায়িত করে বাহিনীটি বিলুপ্ত করার দাবি জানিয়েছিলেন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ডিসেম্বরে বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং গুম কমিশনও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে।
তবে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের প্রস্তাবিত আইনে পুরোনো বাহিনীর জনবল, অবকাঠামো, ক্ষমতা, নথিপত্র, সম্পদ, চুক্তি, দায় ও দায়িত্ব নতুন বাহিনীর কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে বলে দাবি করেন নাজিবুর রহমান।
তার ভাষ্য, এভাবে র্যাবের বিদ্যমান কাঠামো বহাল রেখে শুধু নাম পরিবর্তন করলে কাঙ্ক্ষিত সংস্কারের উদ্দেশ্য পূরণ হবে না।
এ জাতীয় আরো খবর..