. .
.

শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করবে সরকার: অনিন্দ্য ইসলাম অমিত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করবে সরকার: অনিন্দ্য ইসলাম অমিত
বিশ্ব প্রতিযোগিতায় টিকতে তৃতীয় ভাষা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব


সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি:

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বিশ্ব প্রতিযোগিতার উপযোগী দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ওপর জোর দিয়েছে সরকার। এর অংশ হিসেবে স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখানো এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৮ আগস্ট) যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে চায়। এ জন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, সৃজনশীলতা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে তৃতীয় ভাষা শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জিডিপির ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করা হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে তুলতে শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না।
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। মেধা, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে একটি শক্তিশালী প্রজন্ম তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের সাইন্স ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করার আশ্বাস দেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানটির উন্নয়নে নিজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগর। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--