মোংলায় অর্থনৈতিক অঞ্চল ঘিরে ৬০ হাজার কর্মসংস্থানের আশা
শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, মোংলা অর্থনৈতিক অঞ্চলের প্রথম ধাপের কাজ আগামী অক্টোবর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ধাপে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পরবর্তী দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে কর্মসংস্থানের সংখ্যা প্রায় ৬০ হাজারে পৌঁছাতে পারে।
রোববার বিকেলে মোংলা বাসস্ট্যান্ড চত্বরে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, মোংলার অর্থনৈতিক উন্নয়নে শিল্পকারখানা স্থাপনের পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে আকরাম পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে প্রায় ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে মোংলায় গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে মোংলা অঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আকরাম পয়েন্ট এলাকায় গ্যাস সরবরাহের অবকাঠামো গড়ে উঠলে অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরকেন্দ্রিক শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় তিনি মোংলা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের প্রক্রিয়া এগিয়ে চলার কথাও জানান। সেতু, অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও জ্বালানি অবকাঠামোর সমন্বিত উন্নয়ন হলে মোংলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালামসহ মোংলা, রামপাল, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। বক্তারা মোংলার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..