. .
.

রূপসায় ইটভাটায় যুবদলকর্মী ফখরুল হত্যা: মূল শুটার ইব্রাহিম যশোরে গ্রেপ্তার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

রূপসায় ইটভাটায় যুবদলকর্মী ফখরুল হত্যা: মূল শুটার ইব্রাহিম যশোরে গ্রেপ্তার

সুমন ঘোষ নিজস্ব প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে যুবদলকর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যার ঘটনায় মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্প।
শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে র‌্যাব সদস্যরা সম্ভাব্য এলাকাটি ঘিরে ফেলেন। পরে নির্দিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ১১ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় পাহারার দায়িত্বে ছিলেন ফখরুল শেখ। এ সময় একদল দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ফখরুলকে গুরুতর আহত অবস্থায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।
হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৬ যশোর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো মূল শুটার ইব্রাহিম হাওলাদার যশোরে আত্মগোপন করে আছেন। পরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ইব্রাহিম হাওলাদারকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--