যশোর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১
গাজী নুরুজ্জামান
স্টাফ রিপোর্টার, যশোর
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবাসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মোঃ সোহেল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ঔষধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
আটক মোঃ সোহেল যশোরের শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্তে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হলে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া যাবে।
এ জাতীয় আরো খবর..