নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মানসুর মোল্যা (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পেড়লি ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অভিযুক্ত হাসিব মোল্যার (২২) বাড়িও একই গ্রামে। তিনি লিপ্টন মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্যাকে অপদস্থ করেন হাসিব। এর পরদিন শনিবার রাতে স্থানীয় একটি দোকানে যান হাসিব। এ সময় ওই ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর দোকানের সাটার আটকে দিয়ে মেম্বারকে অপদস্থ করার কারণ জানতে চান।
এ নিয়ে মানসুর ও হাসিবের মধ্যে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে হাসিব ছুরি দিয়ে মানসুর ও তার সঙ্গে থাকা নূর ইসলামকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ছুরিকাঘাতে গুরুতর আহত মানসুর ঘটনাস্থলেই মারা যান। আহত নূর ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..