আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন,
সুমন ঘোষ যশোর
মিসির আলি ও হিমুর স্রষ্টাকে স্মরণে দিনব্যাপী আয়োজন, হলুদ পাঞ্জাবি ও নীল শাড়িতে উৎসবে মাতবেন ভক্তরা
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। তাঁর সৃষ্টিশীল সাহিত্যকর্ম, অসাধারণ গল্প বলার ভঙ্গি এবং কালজয়ী চরিত্রের মধ্য দিয়ে তিনি আজও পাঠক ও দর্শকের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন। জন্মদিন উপলক্ষে তাঁর জন্মভূমি নেত্রকোনায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘হিমু উৎসব’।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বাংলা সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর সৃষ্ট মিসির আলি ও হিমু চরিত্র দুটি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করে।
জন্মদিন উপলক্ষে শুক্রবার নেত্রকোনা শহরে হিমু উৎসবের আয়োজন করেছে সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’। উৎসবে ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে হিমু এবং মেয়েরা নীল শাড়িতে রূপা সেজে অংশ নেবেন। থাকছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য আড্ডা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় হুমায়ূন আহমেদের বিভিন্ন শিক্ষামূলক উক্তি লেখা টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। সকাল ১১টায় শহরের সাতপাই নদীর পাড়সংলগ্ন চক্ষু হাসপাতাল এলাকা থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে শোভাযাত্রাটি মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। পরে সেখানে কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হবে।
উৎসবের শেষ পর্বে সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘গানে ও আড্ডায়’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন। এতে হুমায়ূন আহমেদের সাহিত্য ও জীবন নিয়ে আলোচনা করবেন লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও ভক্তরা। পাশাপাশি তাঁর নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় গান পরিবেশন করা হবে।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। শেকড়ের প্রতি ভালোবাসা থেকে তিনি সেখানে তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান আহমদের নামে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা সাহিত্যের এই জনপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবছরই তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভক্ত ও অনুরাগীরা।
এ জাতীয় আরো খবর..