. .
.

কুষ্টিয়ায় সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

কুষ্টিয়ায় সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬ ইং তারিখে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় মাদক কারবার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঙ্গর মন্ডল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

এদিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টেঙ্গর ওই গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারত থেকে আসা মাদকের চালান নিয়ন্ত্রণ ও ভাগাভাগি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আজাহার মেম্বারের সঙ্গে পটল মন্ডলের গ্রুপের বিরোধ চলছিল। এ নিয়ে গত দুই-তিন দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, বাগ্‌বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে দুই পক্ষের মধ্যে।

সংঘর্ষের একপর্যায়ে পটল গ্রুপের প্রধান পটলের ছোট ভাই টেঙ্গরের পেটে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে আঘাত ও ছোড়া গুলিতে গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ সংঘর্ষে উভয় পক্ষের সুমন মিয়া (৫০), হাদু মণ্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মণ্ডল (৬০) ও রাজু মণ্ডল (৩০) গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে তা আজ সংঘর্ষে রূপ নেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সীমান্তসংলগ্ন দুর্গম চরাঞ্চলে সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জড়িত ব্যক্তিদের আটকে সীমান্ত এলাকায় অভিযান চালানো হচ্ছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--