. .
.

চোরাকারবারি আটক, উদ্ধার মালামালের মূল্য সাড়ে ৬ কোটি টাকা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

চোরাকারবারি আটক, উদ্ধার মালামালের মূল্য সাড়ে ৬ কোটি টাকা

সুমন ঘোষ যশোর 

যশোর-নড়াইল মহাসড়কের শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ ও অন্যান্য মালামালের মোট মূল্য প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং যশোর কোতোয়ালি উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।
বিজিবি সূত্রে জানা যায়, নীলগঞ্জ ব্রিজ এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০), পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের চালান সংগ্রহ করা হয়েছিল। পরে তা যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--