খুলনায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
মো. সাদ্দাম মিয়া
উপজেলা প্রতিনিধি (ফুলতলা)
খুলনার ফুলতলা উপজেলায় দেশীয় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম সৌরভ সরকার (২৭)। তিনি যশোর জেলা পুলিশে কর্মরত বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত ২৬ জুন ২০২৬ রাত ১০টা ৫০ মিনিটে ফুলতলা থানার এসআই (নি.) মো. শফিউজ্জামানের নেতৃত্বে জামিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জামিরা গ্রামের বিল্লাল মোল্লার বাড়ি থেকে বাচ্চিদ হোসেন (২৫) ও সৌরভ সরকার (২৭)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের সময় সেখানে থাকা পরোয়ার মোল্লা (৩৪), বিল্লাল মোল্লা (৩৪) এবং অজ্ঞাতনামা আরও একজন ব্যক্তি বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
পরে গ্রেপ্তারকৃতদের উপস্থিতিতে বিল্লাল মোল্লার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো ট্রাভেল ব্যাগ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলতলা থানায় একটি মাদক মামলা ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যে গ্রেপ্তার হওয়া কনস্টেবল সৌরভ সরকারের সঙ্গে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম নুরু-র ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে এসআই নুরুল ইসলাম নুরু বলেন, তিনি শুনেছেন সৌরভ অস্ত্র, গুলি ও মাদকসহ আটক হয়েছেন। তার দাবি, সৌরভ বেশ কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত (গড় হাজির) ছিলেন এবং বিষয়টি তিনি লিখিতভাবে জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন। তার ভাষায়,
সে ক্ষোভ থেকে আমার নাম বলতে পারে। তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, সৌরভ নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করা হয়েছে। তিনি যশোর জেলা পুলিশের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, সৌরভ সরকারের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
কর্মরত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..